বাহরাইনের উচ্চ ফৌজদারি আদালত দেশটির কয়েক ডজন আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। এতে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বাহরাইনের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আরও ৫৩ জন আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম ছাড়াও দেশটির দুই বিশিষ্ট আলেম আল্লামা শেখ আলী আল-সাদাদি ও শেখ মুহাম্মদ সানকুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাহরাইনি সূত্রগুলোর দাবি, এসব রায় ঘোষণার ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, আইনজীবী নিয়োগের অধিকার এবং বিচারিক কার্যক্রমের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াসহ কোনো ধরনের আইনগত আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়নি।
৪০ দিনের যুদ্ধের পর দেশটিতে আলেম ও ধর্মীয় কর্মীদের ব্যাপক গ্রেপ্তার এবং শত শত মানুষের নাগরিকত্ব বাতিলের ধারাবাহিকতায় এই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই অভিযানে শেখ মুহাম্মদ সানকুর ও শেখ আলী আল-সাদাদিসহ শীর্ষস্থানীয় কয়েক ডজন শিয়া আলেমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সানাবিস এলাকার হাজি আহমদ বিন খামিস হুসাইনিয়ার পরিচালক হাবিব আব্বাস খামিস, আহলে বাইতের (আ.) দুই মর্সিয়াপাঠক জালাল আল-বালাদি ও আবদুল্লাহ আল-মাতরুক এবং মোল্লা হাবিব আল-দারাজি।
বাহরাইনি অধিকারকর্মীদের দাবি, মোল্লা হাবিব আল-দারাজিকে গ্রেপ্তারের অজুহাত হিসেবে জিয়ারতে আশুরা পাঠের একটি অডিও ফাইল প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনের সরকার আগামী ২২ নভেম্বর আদালতের শুনানির তারিখ নির্ধারণ করেছিল। ওই দিনকে সামনে রেখে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম ব্যাপক বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। তবে তাঁর এই আহ্বান ও সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় মানামা সরকার হঠাৎ করেই নির্ধারিত সময়ের আগেই আজ রায় ঘোষণা করেছে বলে দাবি করা হয়েছে।
আপনার কমেন্ট